১৯ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ির চালক আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মীর সাইফুল ইসলাম সাদ (২৪) সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বিকেল বাজারে ‘সাইফুল গ্যালারি’ নামে একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন।
আহত চালক তানিম আহমেদ একই উপজেলার বগলাহাটি এলাকার সাইদুল হকের ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, সাইফুল প্রাইভেট কার নিয়ে বিজয়নগর থেকে সরাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মুকুন্দপুর একটি লেভেল ক্রসিং পাড় হতে গিয়ে প্রাইভেট কারটি রেললাইনে আটকে যায়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা পাহারিকা এক্সপ্রেস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে সাইফুল ও চালক তানিম গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।