বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস ‘সহনীয়’

১৯ জুলাই, ২০২৬

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্যে ঢাকার সামগ্রিক বায়ুমান সহনীয় পর্যায়ে থাকলেও রাজধানীর কয়েকটি এলাকায় বাতাসের মান এখনও সতর্কতামূলক অবস্থায় রয়েছে। এসব এলাকার মধ্যে গুলশান-বারিধারা অন্যতম।

রোববার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে আইকিউএয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল ২১তম। এ সময় শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ছিল ৭৬, যা ‘মধ্যম’ বা সহনীয় বায়ুমানের নির্দেশক।

তবে রিয়েল-টাইম একিউআই স্টেশন র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা সহনীয় থেকে সবার জন্য অস্বাস্থ্যকর অবস্থায় আছে। এর মধ্যে গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকার বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় আছে। এলাকাটির আইকিউএয়ার স্কোর ১৫২, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

র‍্যাঙ্কিং তালিকায় আরও যেসব এলাকা রয়েছে—গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, বারিধারার পার্ক রোড, বারিধারা লেকসাইড, উত্তর বাড্ডা, গুলশান লেক পার্ক, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), ধানমন্ডি, গোড়ান ও গুলশান ২-এর রব ভবন।

ঢাকার নিম্নমানের বাতাসের প্রধান কারণ হলো পিএম ২.৫ বা সূক্ষ্ম কণা। এই অতিক্ষুদ্র কণাগুলো, যাদের ব্যাস ২.৫ মাইক্রোমিটারের চেয়েও কম, ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশে যেতে পারে। এর ফলে হাঁপানি (অ্যাজমা) বৃদ্ধি, ব্রঙ্কাইটিস এবং হৃদ্‌রোগের মতো শ্বাসযন্ত্র ও হৃদ্‌যন্ত্রের গুরুতর অসুস্থতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

শীতকালীন আবহাওয়ার ধরন, যানবাহন ও শিল্প থেকে অনিয়ন্ত্রিত নির্গমন, চলমান নির্মাণকাজ থেকে সৃষ্ট ধুলো এবং আশপাশের ইটভাটাগুলো এই দূষণ সংকটের জন্য দায়ী।

বিশ্বজুড়ে বায়ুমান নিয়ে গবেষণা করা এই প্রতিষ্ঠানটি বলছে, বর্তমানে সবচেয়ে বেশি বায়ুদূষণ হচ্ছে উগান্ডার কাম্পালায়। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ১৯৮, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

আইকিউএয়ারের তালিকায় শীর্ষ পাঁচে থাকা বিশ্বের অন্য শহরগুলো হলো—ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর রাজধানী কিনশাসা (১৮২, সবার জন্য অস্বাস্থ্যকর), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৬৮, সবার জন্য অস্বাস্থ্যকর), যুক্তরাষ্ট্রের শিকাগো (১৬০, সবার জন্য অস্বাস্থ্যকর) ও ভারতের দিল্লি (১৫১, সবার জন্য অস্বাস্থ্যকর)।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।