১৯ জুলাই, ২০২৬
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সেলফি পরিবহনের এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৫০)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামের মোন্তাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে দ্রুত গতির একটি সেলফি পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে পড়ে যায়। এ ঘটনায় একজন নিহত হন। স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে পুলিশের সহযোগিতায় আহত ১০ জনকে হাসপাতালে পাঠান।
এ বিষয়ে বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) হারুনার রশীদ জানান, আজ সকালে সেলফি পরিবহনের এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ে যায়। এ ঘটনায় দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হন। আহতদের স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ মানিকগঞ্জ মেডিকেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।