১৯ জুলাই, ২০২৬
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর আর্জেন্টিনা-স্পেন ফাইনাল উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের তিনটি স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে জোহা চত্বরে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এবং ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জায়ান্ট স্ক্রিনে ফাইনাল ম্যাচ দেখানো হবে।
সংশ্লিষ্টরা জানান, বড় পর্দায় ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। খেলা শুরুর আগেই দর্শকদের জন্য প্রয়োজনীয় আসন, সাউন্ড সিস্টেম ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলা দেখানো নিয়ে প্রশাসনের অনুমতি না থাকায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেখানে খেলা দেখানোর অনুমতি মিলেছে বলে নিশ্চিত করেছেন রাকসুর সহ-ক্রীড়া সম্পাদক আবু সাইদ নুন।
এর আগে ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে খেলা দেখানোর ঘোষণা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনও জোহা চত্বরে বড় এলইডি স্ক্রিনে খেলা সম্প্রচারের ঘোষণা দেয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের তিন স্থানে এবার বিশ্বকাপ ফাইনাল দেখানো হবে। রাকসু স্টেডিয়ামে আর ছাত্রদল শহীদ মিনারে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন জোহা চত্ত্বর হয়ে প্যারিস রোডে দেখাবে। শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। আমরা গেটে চ্যাকিংয়ের ব্যবস্থা করবো, শিক্ষার্থীদের বলবো তারা যেনো আইডি কার্ড সাথে নিয়ে আসে। বহিরাগত সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও আমরা যথাসাধ্য চেষ্টা করবো।”