সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় নিহত ২

১৯ জুলাই, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকায় একটি বাস উল্টে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। তারা হলেন- রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)। এছাড়া নিহত ৩০ বছর বয়সী ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় ৭ জনকে চমেক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত ৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে সীতাকুণ্ডের কুমিরা বাইপাস রয়েল গেট এলাকায় দ্রুত গতির গাড়ির ধাক্কায় মো. ইমন (২০) এক পথচারীর মৃত্যু হয়েছে। ইমন পিরোজপুরের মঠবাড়িয়ার এলাকার মো. সালামের ছেলে।

বারআউলিয়া হাইওয়ে থানার এসআই মিল্টন মন্ডল বলেন, ইমন বড় কুমিরা এলাকায় জাহাজ ভাঙা শ্রমিক হিসেবে কাজ করতো। সকালে কুমিরা বাইপাস রয়েল গেট এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সে নিহত হয়। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।