১৯ জুলাই, ২০২৬
EN
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কায়েমপুর ও দাইরাদী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।
আড়াইহাজার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওসমান গনি (৩৩) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া দাইরাদী এলাকায় পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আক্তার (২৯) ও ইরফান (২৪) নামে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।