এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল ৫৯ উদ্যোগ

২০ জুলাই, ২০২৬

রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হলো ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬’-এর চতুর্থ আসর। বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভের আয়োজনে এবার ১৯টি ক্যাটাগরিতে ৫৯টি টেকসই উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৩৪টি উদ্যোগ বিজয়ী এবং ২৫টি উদ্যোগ অনারেবল মেনশন সম্মাননা অর্জন করেছে।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বেসরকারি খাতের অসামান্য অবদানকে স্বীকৃতি দিতেই এই আয়োজন। এ বছর ৪৭২টি মনোনয়ন থেকে ২৭ জন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত গ্র্যান্ড জুরির মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের পূর্বে একই স্থানে অনুষ্ঠিত হয় ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’-এর চতুর্থ সংস্করণ। দিনব্যাপী এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় নীতিনির্ধারক ও শিল্প বিশেষজ্ঞরা ব্যবসাপ্রতিষ্ঠানে টেকসই কৌশলের গুরুত্ব, ইএসজি রিপোর্টিং এবং দায়িত্বশীল ব্যবসায়িক মডেল নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, এই আয়োজনে আকিজ বশির গ্রুপ, এসএমসি এন্টারপ্রাইজ, এআইইউবি, প্রাণ-আরএফএল গ্রুপ ও বিজিএমইএ পার্টনার হিসেবে যুক্ত ছিল। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, “এই চ্যাম্পিয়নরাই বাংলাদেশে দায়িত্বশীল ব্যবসার নতুন মানদণ্ড নির্ধারণ করছে।”