২০ জুলাই, ২০২৬
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির একটি মৃত সামুদ্রিক মাছ। ‘ইউনিকর্ন লেদারজ্যাকেট’ বা ‘ফাইলফিশ’ নামে পরিচিত মাছটি রোববার (১৯ জুলাই) বিকেলে কুয়াকাটার চর গঙ্গামতি সৈকতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে সেখানে ভিড় করেন স্থানীয় মানুষ ও পর্যটকেরা।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, মোটরসাইকেলে করে চর গঙ্গামতি এলাকায় যাওয়ার সময় সৈকতের বালুচরে অস্বাভাবিক আকৃতির একটি মৃত মাছ পড়ে থাকতে দেখেন। রাতের জোয়ারের পানিতে মাছটি গভীর সমুদ্র থেকে ভেসে এসেছে।
স্থানীয় পর্যটন ও পরিবেশকর্মী কে এম বাচ্চু বলেন, ‘আমাদের এলাকায় আগে কখনো এমন মাছ দেখিনি। সম্ভবত গভীর সমুদ্র থেকে জোয়ারের পানিতে এটি উপকূলে চলে এসেছে। বিষয়টি বেশ ব্যতিক্রমী।’
ব্লু-অ্যাকশন ফান্ডের অর্থায়নে ডাব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান মাছটিকে ‘ইউনিকর্ন লেদারজ্যাকেট’ বা ‘ফাইলফিশ’ হিসেবে শনাক্ত করেন। তিনি বলেন, এটি গভীর সমুদ্রে বসবাসকারী একটি বিরল প্রজাতির মাছ। পরিবেশগত পরিবর্তন, ঝড়ো আবহাওয়া, সাগরের স্রোতের অস্বাভাবিকতা কিংবা অসুস্থতার কারণে মাঝেমধ্যে এ ধরনের মাছ উপকূলে মৃত অবস্থায় ভেসে আসতে পারে। তবে এমন ঘটনা খুবই বিরল।
বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, মাছটির বৈজ্ঞানিক নাম Aluterus monoceros। শরীর চ্যাপ্টা, চামড়া মোটা ও খসখসে হওয়ায় এর নাম হয়েছে ‘লেদারজ্যাকেট’। মাথার ওপর একটি সরু কাঁটা থাকে, যা এ প্রজাতির অন্যতম বৈশিষ্ট্য। সাধারণত গভীর সমুদ্রের প্রবাল ও পাথুরে এলাকায় এদের বসবাস। খাদ্য হিসেবে শৈবাল, স্পঞ্জ, জেলিফিশ, ছোট ক্রাস্টেশিয়ান, চিংড়ি, শামুক এবং অন্যান্য তলদেশীয় অমেরুদণ্ডী প্রাণী খেয়ে থাকে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, প্রাথমিকভাবে মাছটি ফাইলফিশ প্রজাতির বলে ধারণা করা হচ্ছে। উপকূলে এ ধরনের বিরল সামুদ্রিক প্রাণী ভেসে এলে তা সংরক্ষণ ও গবেষণার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন।
সম্প্রতি কুয়াকাটা উপকূলে একের পর এক বিরল সামুদ্রিক প্রাণী ও মাছ ভেসে আসার ঘটনা গবেষকদেরও ভাবিয়ে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি, স্রোতের পরিবর্তন এবং আবহাওয়ার বৈরী প্রভাবের সঙ্গে এসব ঘটনার সম্ভাব্য সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন।