যুদ্ধে সমর্থন পেয়ে উত্তর কোরিয়াকে ধন্যবাদ দিলেন পুতিন

২০ জুলাই, ২০২৬

ইউক্রেন যুদ্ধে মস্কোকে সমর্থন দেয়ার জন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া সফররত উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইয়ের রোববার সঙ্গে সাক্ষাৎকালে এই কৃতজ্ঞা প্রকাশ করেন তিনি।

ক্রেমলিন প্রকাশিত একটি ভিডিও অনুযায়ী, পুতিন বলেন, আমরা যে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছি, তাতে আপনারা যে সমর্থন দিয়েছেন, তার জন্য আমি আবারও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার সৈন্যদের বীরত্বপূর্ণ কর্মকাণ্ড আমরা কখনো ভুলব না। তাদেরকে আমাদের নিজ দেশের নাগরিকদের মতোই সম্মান জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে গড়ে ওঠা পারস্পরিক বোঝাপড়ারও প্রশংসা করেন পুতিন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানায়, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে চোয়ে সন হুই রাশিয়া সফর করছেন।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।

উত্তর কোরিয়া রাশিয়ার কুরস্ক অঞ্চলে সেনা পাঠিয়েছে এবং মস্কোর যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন করতে বিভিন্ন অস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে।

বিনিময়ে, বিশ্লেষকদের মতে, অর্থনৈতিকভাবে দুর্বল ও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন এই দেশটি রাশিয়ার কাছ থেকে আর্থিক সহায়তা, খাদ্য, জ্বালানি সরবরাহ এবং সামরিক প্রযুক্তি পেয়েছে।

এপ্রিলের শেষ দিকে জ্যেষ্ঠ রুশ কর্মকর্তাদের পিয়ংইয়ং সফরের সময় কিম জং উন রাশিয়ার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং তিনি এই যুদ্ধে মস্কোকে বিজয় অর্জনে সহায়তা করার অঙ্গীকার করেন।