চায়ের চোরাচালান রোধে সবাইকে এগিয়ে আসতে হবে: চা বোর্ডের চেয়ারম্যান

২০ জুলাই, ২০২৬

চা চোরাচালান রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি দেশের অন্য চাষিদের মতোই চা চাষিরাও ভর্তুকির সার বরাদ্দ পাবেন বলে নিশ্চিত করেছেন।

সোমবার বিকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চা শিল্পে সংশ্লিষ্ট স্টকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের কার্যালয় ও জেলা প্রশাসন এ আয়োজন করে।

এ সময় চা বোর্ডের চেয়ারম্যান বলেন, চায়ের গুণগত মান নিয়ে যে সমস্যা ছিল তা কেটে গেছে। এখন মানসম্মত চাপাতা তৈরি হচ্ছে। এখানকার চায়ের দামও বৃদ্ধি পাচ্ছে। তবে চায়ের চোরাচালান রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। চা আইন প্রয়োজনে নতুন করে তৈরি করা হবে। যা চা আইন ২০২৬ অথবা ২০২৭ হবে। 

মতবিনিময় সভায় পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে পুলিশ সুপার আবু সাইম, চা বোর্ডের যুগ্মসচিব ইয়াছমিন পারভীন, যুগ্মসচিব মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, সচিব (উপসচিব) মো. মমিনুর রশিদ, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হক, উপসচিব মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন (সিনিয়র সহকারী সচিব), অর্থনীতিবিদ জি. এম আহসান হাবিব, গবেষণা কর্মকর্তা মো. নাজমুল আলম ও বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিনা আক্তার লিপা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন।

এ সময় এনবিআর কর্মকর্তা, ব্রোকার্স ও ওয়্যারহাউজের মালিকেরা, বটলিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা, স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতারা, কুরিয়ার সার্ভিসের নেতারা, ক্ষুদ্র চা চাষিরা এবং বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।