কুরিয়ার সার্ভিসের গোডাউনে ৩৩ হাজার যৌন উত্তেজক সিরাপ, গ্রেপ্তার ৩

২০ জুলাই, ২০২৬

দিনাজপুরে একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালিয়ে ৩৩ হাজার ৭২৪ বোতল বিক্রয়নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ ও ৬০টি যৌন উত্তেজক ক্যাপসুল জব্দ করেছে র‌্যাব-১৩। এ ঘটনায় কুরিয়ার সার্ভিসের শাখা ব্যবস্থাপকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ দিনাজপুর এ তথ্য জানায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৩টার দিকে সিপিসি-১, র‌্যাব-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি দল দিনাজপুর সদর উপজেলার বকুলতলা মোড়ে অবস্থিত আহমেদ পার্সেল সার্ভিসের দিনাজপুর শাখার গোডাউনে অভিযান চালায়।

অভিযানের সময় গোডাউন তল্লাশি করে ৩৩ হাজার ৭২৪ বোতল বিক্রয়নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ এবং ৬০টি যৌন উত্তেজক ক্যাপসুল জব্দ করা হয়।

এ সময় নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ ও পরিবহনের অভিযোগে মো. শহীদুল ইসলাম (৪০), মো. শাহিনুর হক (৪৫) এবং আহমেদ পার্সেল সার্ভিসের দিনাজপুর শাখার ব্যবস্থাপক মো. আবুল কালাম (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৩-এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জব্দ করা আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।