হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ শিক্ষার্থীকে উদ্ধার

২১ জুলাই, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে হামহাম জলপ্রপাত ভ্রমণে গিয়ে একজন আহত হলে বিপাকে পড়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীর একটি পর্যটক দল। দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে ফিরতে না পেরে ৯৯৯-এ সহায়তা চান তারা। পরে যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে সবাইকে নিরাপদে ফিরিয়ে আনে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২০ জুলাই) বিকেলে কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন হামহাম জলপ্রপাত থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী হামহাম জলপ্রপাত ভ্রমণে আসেন। জলপ্রপাতে যাওয়ার পথে এক শিক্ষার্থী পিছলে পড়ে হাতে আঘাত পান। দুর্গম পাহাড়ি পথ ও আহত সহযাত্রীকে নিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান। পরে যৌথ অভিযান চালিয়ে বিকেল পৌনে ৫টার দিকে আটকে পড়া ১০ শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. মনিরুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি নয়জন সুস্থ ও নিরাপদে আছেন।

দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের সতর্ক ও পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।