উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, তরুণীর মৃত্যু

২১ জুলাই, ২০২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে এক রোহিঙ্গা তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী একটি শিশু আহত হয়েছে।

টানা ভারী বৃষ্টির মধ্যে সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের ডি-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে গেলে পাহাড়ের একটি অংশ ধসে পাশের একটি শেল্টারের ওপর পড়ে। এতে শেল্টারটিতে মাটিচাপা পড়ে ভেতরে থাকা বাসিন্দারা আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয় রোহিঙ্গা, স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। পাহাড়ধসে সমি উল্লাহর মেয়ে বিবি হাফসা (১৯) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই ঘটনায় নুরুল ইসলামের তিন বছর বয়সী ছেলে আব্দুল মজিদ আহত হয়। তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, পাহাড়ধসের পর স্থানীয় রোহিঙ্গারা তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। আহত শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় প্রাথমিকভাবে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসকারী রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরে যেতে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে।

ঘটনার পর এপিবিএন সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক ও রোহিঙ্গারা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, চলতি মাসে রোহিঙ্গা আশ্রয়শিবিরে টানা বৃষ্টি ও  পৃথক পাহাড়ধসের ঘটনায় এ নিয়ে অন্তত ১৬ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।