জুলাই আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

২১ জুলাই, ২০২৬

গণঅভ্যুত্থানের আন্দোলনে যুগপৎ অংশ নেওয়া মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।  

সোমবার (২০ জুলাই) ঠিক সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী যমুনায় প্রবেশ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মতবিনিময় সভার তথ্য জানান। তারা জানান, সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানে প্রধানমন্ত্রীর এই বিশেষ আয়োজন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার এই অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রায় দেড় শতাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সন্ধ্যা থেকে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাতে শুরু করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও শরিক দলের নেতাদের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। 

নির্বাচন ও সরকার গঠনের পর শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম আনুষ্ঠানিক যৌথ মতবিনিময় সভা। 

দলীয় সূত্রগুলো বলছে, পরস্পরের মধ্যে হৃদতা বাড়ানো, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং সমন্বিতভাবে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যেই মূলত এই খোলামেলা আলোচনার আয়োজন করা হয়েছে।