২১ জুলাই, ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে মুন্সীগঞ্জে ‘বর্ষায় নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহ, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, প্রেম ও দেশপ্রেমের আদর্শ বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। একটি মানবিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গঠনে তাঁর আদর্শ অনুসরণ করা সময়ের দাবি।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান ও সৃষ্টিকর্মের আলোকে মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করা হয়। শিল্পীদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন এবং নজরুলচর্চার মাধ্যমে তার চেতনা ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।