বিশ্বকাপ শেষে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ ঘোষণা

২১ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল হয়েছে গত পরশু । সেই রেশ এখনো কাটেনি। ঐ রেশ কাটতে না কাটতেই দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ হিসেবে খ্যাত সাফ ফুটবলের দিনক্ষণ আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে আজ। 

এবার সাফ ফুটবলের স্বাগতিক বাংলাদেশ। এটা আগেই সিদ্ধান্ত ছিল। এরপরও সাফ আজ আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছে, '৪-১৭ নভেম্বর বাংলাদেশে সাফ ফুটবল অনুষ্ঠিত হবে।' ২৫ জুলাই ঢাকায় টুর্নামেন্টের লোগো উন্মোচন। ১ আগস্ট ভুটানে টুর্নামেন্টের ড্র।

নেপাল ফিফা থেকে নিষিদ্ধ। তাদের নিয়েই ড্র হবে, নাকি বাদ দিয়ে সেটা একটা আলোচনার বিষয়। ভারত নভেম্বরে নিউজিল্যান্ডের সাথে প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করছে। ভারত সিনিয়র নাকি জুনিয়র দল পাঠায় সেটাও দেখার বিষয়।

বাংলাদেশ ২০১৮ সালে সর্বশেষ সাফ আয়োজন করেছিল। ৮ বছর পর আবার স্বাগতিক হচ্ছে। ২০০৩ সালে বাংলাদেশ সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। সেটাই এখন পর্যন্ত বাংলাদেশের ফুটবলে অন্যতম সেরা সাফল্য হিসেবে গণ্য হয়।