২২ জুলাই, ২০২৬
লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকসেবনে বাধা দেওয়ায় ষষ্ঠ স্ত্রী মরিয়ম আক্তার তাসফিয়াকে (১৯) লাঠিপেটা করে হাত ভেঙে দেওয়ার অভিযোগে জহির হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তদন্ত করে সোমবার রাতে কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ফেসবুকে এক নারীকে নির্মমভাবে মারধরের ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি তাদের নজরে আসে। তদন্তে নিশ্চিত হওয়া যায়, ঘটনাটি রামগঞ্জের। পরে অভিযুক্ত জহিরকে গ্রেফতার করা হয়।
রামগঞ্জ থানার এসআই মহিউদ্দিন জানান, জহিরের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্যানুযায়ী, মাত্র ২৭ বছর বয়সেই তিনি ছয়টি বিয়ে করেছেন। মাদকাসক্তি ও স্ত্রীদের ওপর নির্যাতনের কারণে আগের পাঁচ স্ত্রী তাকে ছেড়ে চলে যান। আহত মরিয়ম আক্তার তাসফিয়া চট্টগ্রামের রামগড় উপজেলার বাসিন্দা। তাদের পাঁচ মাস বয়সি একটি কন্যাসন্তান রয়েছে। বর্তমানে তিনি রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
তাসফিয়া বলেন, তার স্বামী নিয়মিত মাদকসেবন করতেন এবং প্রায়ই মারধর করতেন। ঘটনার রাতে গভীর রাতে বাড়ি ফেরার কারণ জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তার বাম হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
এ ঘটনায় রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।