নোয়াখালীতে ইয়াবা পাচারকালে মোটরসাইকেলসহ গ্রেফতার ২

২২ জুলাই, ২০২৬

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ দল।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ২টার দিকে উপজেলার সেবারহাট মধ্যম বাজারে ফেনী-চৌমুহনী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর এলাকার সাইফুল ইসলাম (৩৯) ও একই ইউনিয়নের মধ্য ইয়ারপুর এলাকার নজরুল ইসলাম (৪১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গত জুন মাসে ৯ হাজার ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া মাদক কারবারি ওমর ফারুক ওরফে বুলেট ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে মোটরসাইকেলে ইয়াবা পাচারকারী একটি চক্রের সন্ধান পাওয়া যায়।

পরে ওই চক্রের সদস্য দীন মোহাম্মদ সোহেল ওরফে প্রফেসর সোহেলকে ২ হাজার ২৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেনবাগে যৌথ চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম ও নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেফতার সাইফুল ইসলাম এই চক্রের অন্যতম হোতা এবং সেনবাগ উপজেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক আইনে ৯টি মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।