আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রী আহত

২২ জুলাই, ২০২৬

পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে এক যাত্রীর ডান চোখ গুরুতর জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত যাত্রীর নাম সাব্বির হোসেন (২২)। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন উল্লাপাড়া ও জামতৈল রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ব্যক্তি ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। ছোড়া পাথরটি জানালা দিয়ে ভেতরে ঢুকে সাব্বির হোসেনের ডান চোখে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর ট্রেনে থাকা যাত্রী ও রেলওয়ে পুলিশ আহত সাব্বিরকে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, আহত যাত্রীকে প্রথমে কামারখন্দ উপজেলার আলোকদিয়া খোকন মেমোরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করা হয়েছে।

তিনি আরও জানান, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।