২২ জুলাই, ২০২৬
ব্যর্থ জিম্বাবুয়ে সফর শেষে আজ সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজ জিতলেও একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হার এবং ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে। তবে এই সফর থেকে শিক্ষা নিয়ে তা ভবিষ্যতে কাজে লাগাতে চায় বাংলাদেশ। কারণ আসন্ন ২০২৭ বিশ্বকাপের সহ আয়োজক জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের পর এবার অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। এ প্রসঙ্গে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, '২০২৭ বিশ্বকাপে সেভাবে প্রস্তুতি নিতে পারব। অস্ট্রেলিয়া সফরেও কাজে দিবে। গত ৭ মাস ধরে হোম কন্ডিশনে ভালো করছিলাম। সেখানে কন্ডিশন ভিন্ন, একটু সময় লাগছে।'
আসন্ন অস্ট্রেলিয়া সফর নিয়ে তিনি বলেন, 'অস্ট্রেলিয়া সফর কঠিন হবে। তবে আমরা ১০-১২ দিন আগে যাচ্ছি। তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ আছে আমাদের। আশা করব সবাই সুস্থ থাকলে অবশ্যই টেস্টে ভালো করার চেষ্টা করব।'
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারায় সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করা নিয়ে এখনও সংশয় রয়েছে। তবে এ নিয়ে চিন্তিত নন আশরাফুল, 'ঐ বিষয় নিয়ে আমরা চিন্তিত না একদমই। সিরিজ বাই সিরিজ যাওয়ার চেষ্টা করছি। এই সিরিজের আগে টানা ৫ সিরিজ জিতেছিল। সামনে যে ওয়ানডে সিরিজ আছে, যদি ভারত আসে ওদের সাথে, এরপর দক্ষিণ আফ্রিকা… সে সময় চেষ্টা করব নিজেদের সেরাটা খেলার।'
'এক-দুটো ম্যাচ হারতেই পারেন, ভিন্ন কন্ডিশন। গত ৭ মাস ধরে যে এত ভালো খেলছে, সে জায়গায় এক-দুই ম্যাচের হারে মোরালি ডাউন হওয়ার কিছু নেই আমি মনে করি। একটা অভিজ্ঞতা হয়েছে। তানজিদ তামিম, হৃদয়, রিশাদদের এটা প্রথম জিম্বাবুয়ে সফর। সে জায়গায় যে মানিয়ে নিয়েছে, তামিম অসাধারণ পারফরম্যান্স করেছে। প্রায় চারটা ফিফটি। ব্যাটিং দেখে বুঝা গেছে কন্ডিশনে ভালো মানিয়ে নিয়েছে। ইয়াসির কামব্যাক সিরিজে চমৎকার খেলেছে। এক-দুটো ম্যাচ কেউই চায় না হারতে। তবে হারের পরও ইতিবাচক দিকগুলো বের করে আনতে হবে।'-যোগ করেন তিনি।