গাজী নজরুলকে সংসদ থেকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

২৩ জুলাই, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে জাতীয় সংসদ থেকে বহিষ্কারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

বুধবার দুপুরে ‘সচেতন নাগরিক সমাজ, শ্যামনগর’-এর ব্যানারে উপজেলা সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ অংশ নেন। তারা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ জানান। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পরে উপজেলা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ সুলাইমান কবির।

সমাবেশে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্‌ঘাটন করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সংসদ সদস্য পদ ও দলীয় অবস্থান বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে তাঁকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা করার দাবিও তোলেন বক্তারা।

এদিকে ভিডিওটি প্রকাশের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী। অপরদিকে বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য ও দাবি সামনে এলেও ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তদন্ত বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রকাশ হয়নি।