সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়কের বেহাল দশায় সিসিক প্রশাসকের ক্ষোভ

২৩ জুলাই, ২০২৬

সিলেট নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সড়কের বেহাল অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী। বার বার আবেদন জানানোর পরও গুরুত্বপূর্ণ সড়কটি সিটি করপোরেশনের কাছে হস্তান্তর না করা এবং সংস্কার কাজে গাফিলতির জন্য তিনি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রতি এই ক্ষোভ ঝাড়েন।

বুধবার (২২ জুলাই) সকালে নগরীর কদমতলীতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করেন সিসিক প্রশাসক। এ সময় টার্মিনালের প্রধান প্রবেশপথের সড়কে বড় বড় গর্ত এবং সেগুলোতে পানি জমে থাকতে দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

জানা গেছে, বুধবার দুপুরে কদমতলী বাস টার্মিনাল এলাকা পরিদর্শনে যান সিসিক প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী। এসময় পরিবহন মালিক ও শ্রমিকরা বাস টার্মিনালের সামনের ভাঙাচোরা সড়ক নিয়ে তাদের ভোগান্তির কথা তুলে ধরেন। 

তারা জানান, সড়কে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে চালক-শ্রমিক ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জবাবে সিসিক প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী জানান, টার্মিনালের সামনের সড়কটির মালিক সওজ। সড়কটি সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের জন্য কয়েকবার আবেদন করা হয়েছে। কিন্তু তারা সড়কটি হস্তান্তরও করছে না, আবার নিয়মিত সংস্কারও করে না। এতে ভোগান্তি বাড়ছে। 

সড়কের মালিক অন্য সরকারি প্রতিষ্ঠান হওয়ায় সিটি করপোরেশনের পক্ষ থেকে কাজও করা যাচ্ছে না। তিনি সওজ কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা কোনোভাবেই জনগণের দুর্ভোগ সহ্য করব না। সওজকে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নিতে হবে।