২৩ জুলাই, ২০২৬
গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা।
বুধবার (২২ জুলাই) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবন থেকে একটি মিছিল নিয়ে বের হন সংগঠনটির নেতাকর্মীরা। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, শহিদ মিনার অতিক্রম করে জিরো পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে চবি ছাত্রশিবিরের সভাপতি ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, “বিএনপি সরকার নির্বাচনের আগে গণভোটের পক্ষে প্রচারণা চালালেও এখন গণভোটের রায় কার্যকর নিয়ে ছলচাতুরী করছে। জুলাইয়ের দ্বিতীয় বছরে এসেই তারা জুলাই আন্দোলন ভুলে যেতে চাইলেও সাধারণ জনগণ ও শহিদের স্বজনরা ভুলেনি। হাসিনার মতো শক্তিশালী ফ্যাসিস্ট এদেশ থেকে বিতাড়িত হয়েছে। বিএনপি যদি স্বৈরাচার হয়ে উঠতে চায়, গণভোটের রায় মেনে না নেয়, তাহলে এদেশে আবারো জুলাই নামবে এবং জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে।”
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিবউল্লাহ খালেদ বলেন, “৫আগস্ট পরবর্তী সময় বিএনপি নেতারা মুক্তি পেয়ে বলেছিল এই ছোট ছোট মাসুম বাচ্চাদের জন্য আজকে জাতি মুক্তি পেয়েছে। কিন্তু তারা তাদের সেই কান্নার ইতিহাস ভুলে গিয়েছে। তারা আজ ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করছে। আমরা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আপনারা আপনাদের কান্নার ইতিহাস ভুলে গেলেও জুলাই শহীদদের মায়েরা তাদের সন্তানদের ভুলেনি। সুতরাং বিএনপি যদি গণভোটকে উপেক্ষা করে ক্ষমতা পরিচালনা করতে চায়, সুস্পষ্ট ভাসায় বলতে চাই ৭০ শতাংশ মানুষকে সাথে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে।”
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের আন্তর্জাতিক ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ও চাকসু জিএস সাঈদ বিন হাবিব, প্রচার সম্পাদক মেহেদী হাসান সোহান, স্কিল ডেভেলপমেন্ট ও ব্যবসায় শিক্ষা সম্পাদক ওবাইদুল সালমান; আইন, মাদ্রাসা ও ফাউন্ডেশন সম্পাদক নিয়ামত উল্লাহ ফারাবি, শিক্ষা সম্পাদক সাজ্জাত হোছন মুন্নাসন অন্যান্য নেতাকর্মী।