ভোটার তালিকা সংশোধনে ১৫৪ কর্মকর্তা নিয়োগ

২৩ জুলাই, ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, বাদ পড়া, তথ্য সংশোধন এবং আপত্তি নিষ্পত্তির জন্য দেশের ৬৪ জেলা ও ক্যান্টনমেন্ট এলাকায় ১৫৪ জন কর্মকর্তাকে সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে সংস্থাটি।

বুধবার (২২ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালিত হয়। সে অনুযায়ী ৩১ জুলাই ২০০৮ বা তার আগে জন্মগ্রহণকারী এবং ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজে নিবন্ধিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এজন্য খসড়া ভোটার তালিকার ওপর নির্ধারিত ফরমে দাখিল করা দাবি (ফরম-৬), আপত্তি (ফরম-৭) ও সংশোধন (ফরম-৮) সংক্রান্ত আবেদন নিষ্পত্তির উদ্দেশ্যে ১৫৪ জন কর্মকর্তাকে সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠপর্যায়ে পাঠানোর শেষ তারিখ ৪ আগস্ট। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ আগস্ট। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হবে।

সংশোধনকারী কর্তৃপক্ষ এসব আবেদন ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবে। গৃহীত সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে ভোটার তালিকায় সন্নিবেশ করা হবে এবং ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।