বন্যাকবলিত ২৯০ পরিবারকে ত্রাণ দিল আইইউবি শিক্ষার্থীরা

২৩ জুলাই, ২০২৬

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থীরা চট্টগ্রাম ও বান্দরবানের প্রায় ২৯০টি বন্যাকবলিত পরিবারের মধ্যে সাত দিনের খাদ্যসামগ্রী বিতরণ করেছে। 

গত ১৯ জুলাই (রোববার) 'টিম আইইউবি' নামে পরিচিত এই স্বেচ্ছাসেবী দলটি প্রথম পর্বের ত্রাণ কার্যক্রম শেষ করে।

বিশ্ববিদ্যালয়ের ৩০টির বেশি ক্লাবের সদস্যদের নিয়ে গঠিত ‘টিম আইইউবি’ গত ১৬ জুলাই রাতে ঢাকা থেকে রওনা হয়। দাতা ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়।

ত্রাণ বিতরণ করা হয়, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন এবং বান্দরবানের রোয়াংছড়ির নোয়াপাড়া ইউনিয়ন ও মুসলিম পাড়ায়। এর মধ্যে কাঞ্চনায় ৭০টি, নোয়াপাড়ায় ৬৫টি, রোয়াংছড়িতে ৭০টি এবং মুসলিম পাড়ায় ৫৫টি পরিবার খাদ্যসামগ্রী পেয়েছে।

যাতায়াতের পথে বন্যাকবলিত আরও প্রায় ৩০টি পরিবারকে জরুরি সহায়তা দেন স্বেচ্ছাসেবকরা। প্রতিটি প্যাকেজে ছিল শুকনো খাবার, চাল, ডাল, তেল, আলু ও ওষুধ।

ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থে এই কার্যক্রম পরিচালিত হয়। এতে আইইউবি কমিউনিটি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি অন্যান্য দাতা ও শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা অর্থ সহায়তা দেন। কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও ডিভিশন অফ স্টুডেন্ট অ্যাক্টিভিটিজকে (ডিওএসএ) কৃতজ্ঞতা জানায় টিম আইইউবি।

২০২৪ সালের বন্যায় টিম আইইউবি দেশের সাতটি জেলায় সাড়ে ৪ হাজারের বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছিল। এরপর থেকে বিভিন্ন জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবীদের নিয়ে মানবিক কার্যক্রম চালিয়ে আসছে দলটি।