২৩ জুলাই, ২০২৬
বছরের ব্যবধানে শেয়ারবাজারে তালিকাভুক্ত আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা ধসে লোকসানে পড়েছে। তবু, প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানির লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ সেপ্টেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে উত্তরা ক্লাবে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ১৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ১০ টাকা ৭ পয়সা। আলোচ্য সময়ে মুনাফা ধসে লোকসানে পড়েছে কোম্পানিটি।
এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) কমে দাঁড়িয়েছে ১৬ টাকা ৩৮ পয়সা। যা আগের বছর ছিল ১৮ টাকা ৫২ পয়সা।