২৩ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
বুধবার রাত পৌনে ১২টার দিকে র্যাব-১০-এর সিপিসি-২, মুন্সীগঞ্জের শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে।
র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত পদ্মাসেতু উত্তর থানার পশ্চিম কাজির পাগলা মসজিদ সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে পদ্মাসেতু থেকে লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে একটি প্রাইভেটকার থেকে ২৮১ বোতল কাশির সিরাপ জব্দ করা হয়। এগুলো মাদক হিসেবে গ্রহণ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ২৪ হাজার টাকা।
এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন— যশোর জেলার কোতোয়ালী থানার হালসা এলাকার মো. সম্রাট হোসেন (৩৬) ও মো. শরিফুল ইসলাম (২৪)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে পদ্মাসেতু উত্তর থানা এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
উদ্ধার করা মাদক, জব্দকৃত প্রাইভেটকার এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, মাদকের বিরুদ্ধে র্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও র্যাবের অভিযান চলমান থাকবে।