২৪ জুলাই, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেনসিডিলসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতারকৃত আবু বকর (৫৫) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত মো.আব্দুস সালামের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কুমিল্লা থেকে যাত্রীবাহী বাসে করে একটি মাদকের চালান চট্টগ্রামের দিকে আনার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জুলাই) দুপুর পৌনে একটার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজ সংলগ্ন বিসমিল্লাহ মেরিন ওয়ার্কশপের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।
তিনি আরও বলেন, সি.ডি.এম. ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে থাকা আবু বকরকে আটক করা হয়। তার কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ৪৭ বোতল অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৪ হাজার টাকা।
গ্রেফতার পরবর্তী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।