পরশুরামে শিক্ষিকার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৪ জুলাই, ২০২৬

ফেনীর পরশুরামে এক শিক্ষিকার বাসা থেকে প্রিয়া (১৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ-সংলগ্ন কাদের টাওয়ারের তৃতীয় তলায় মুহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাহেদা আক্তারের বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রিয়া ওই শিক্ষিকার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। বিকেলে বাসার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।