ফাইনালে লাল কার্ডের পর ক্লাব ক্যারিয়ারও শঙ্কায় এনজোর

২৪ জুলাই, ২০২৬

হুট করেই যেন সময়টা খারাপ হয়ে গেল আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজের। বিশ্বকাপের সেমিফাইনালে দুর্দান্ত এক গোলের পর যেখানে তিনি নায়ক বনে গিয়েছিলেন, তার ঠিক ৪ দিন পর তিনি খলনায়ক বনে গিয়েছিলেন লাল কার্ড দেখে মাঠ ছেড়ে। যার খেসারত আর্জেন্টিনা দিয়েছিল স্পেনের কাছে ১-০ গোলে হেরে গিয়ে। সেই এনজো ফার্নান্দেজ এবার তার ক্লাব ক্যারিয়ার নিয়েও শঙ্কায় পড়ে গেছেন। 

বিশ্বকাপের আগেই বিষয়টা নিশ্চিত ছিল যে টুর্নামেন্টটির পর চেলসি ছাড়তে চান এনজো ফার্নান্দেজ। তবে এখন পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে, তার সামনে খুব বেশি বিকল্প নেই। যে কারণে তার ভবিষ্যতও পড়ে গেছে ধোঁয়াশায়।

এনজো ও তার এজেন্ট হাভিয়ের পাস্তোরে আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে এনজো রিয়াল মাদ্রিদে যেতে চান। কিন্তু রিয়াল বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দেয়, তাকে দলে নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। এ ধরনের জল্পনাকে তারা ভিত্তিহীন বলে অভিহিত করে।

চেলসি তার দাম ধরেছে ১২০ মিলিয়ন পাউন্ড (১৬০ মিলিয়ন ডলার), যা তার জন্য ক্রেতা খুঁজে পাওয়া কঠিন করে তুলেছে। ট্রান্সফার বিশেষজ্ঞ ডেভিড অর্নস্টেইনের মতে, এত দামে এখন কোনো ক্লাব এনজোকে কিনতে আগ্রহী নয়। তার সাড়ে আট বছরের অ্যামরটাইজড চুক্তির এখনো ছয় বছর বাকি, যা চেলসিকে দর কষাকষিতে শক্তিশালী অবস্থানে রেখেছে।

পিএসজিতে যাওয়ার সম্ভাবনা ছিল তার। তবে সেটাও ভেস্তে গেছে ইতোমধ্যেই। তার সম্ভাব্য গন্তব্যের তালিকায় ছিল ম্যানচেস্টার সিটিও। দলটি ইতোমধ্যে এলিয়ট অ্যান্ডারসনের পেছনে ১১৬ মিলিয়ন পাউন্ড খরচ করে ফেলেছে, ফলে সেখানেও তার জায়গা হচ্ছে না। 

অন্যদিকে বোর্নমাউথের অ্যালেক্স স্কটকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করছে চেলসি। এদিকে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোল করে তাদের হারানোর পর তার উদযাপন এবং ইংলিশদের থিম সং বনে যাওয়া ওয়াসিসের ‘ওয়ান্ডারওয়াল’ গান জুড়ে দেওয়া ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে আগে থেকেই সমালোচনার মুখে ছিলেন তিনি। এসব ঘটনায় প্রিমিয়ার লিগ সমর্থকদের কাছে তার জনপ্রিয়তা কমেছে। বিষয়টা চেলসি পর্যন্ত গড়িয়ে থাকলে তার বিপদ আরও বাড়বে বৈ কমবে না।

পরিস্থিতিটা অবশ্য এখনও একেবারে ‘পয়েন্ট অফ নো রিটার্নে’ চলে যায়নি। চেলসির নতুন কোচ শাবি আলনসো জানিয়ে দিয়েছেন তিনি এনজোকে দলে চান। তার অধীনে পারফর্ম করতে পারলে অবশ্য পরিস্থিতিটা কিছুটা হলেও অনুকূলে আসবে আর্জেন্টাইন এই তারকার। শেষ পর্যন্ত অবশ্য সবকিছু নির্ভর করছে তার নিজের ওপর।