মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

২৫ জুলাই, ২০২৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা সীমান্তে পুশইন চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

খালিশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ৫৫/এমপি সীমান্ত পিলার বরাবর গেইট দিয়ে ভারতের সিঙ্গামোড়া ৫৯ বিএসএফ সদস্যরা চারজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়। 

 

বর্তমানে ওই ৬ জন সীমান্তের শূন্য রেখা থেকে ৩০ গজ ভারত অভ্যান্তরে অবস্থান করছে। বিষয়টি বিএসএফকে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।