২৬ জুলাই, ২০২৬
কিশোরগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বাজিতপুরে দুই শিশু এবং কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জে এক যুবক গোসল করতে গিয়ে ডুবে মারা গেছেন।
পুলিশ জানিয়েছে, শনিবার দুপুর দেড়টার দিকে বাজিতপুর উপজেলার মিরারবন এলাকায় একটি খালে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো মিরারবন এলাকার সুজনের ছেলে তাহসিন (৫) ও একই এলাকার শাওনের মেয়ে জান্নাতুল মাওয়া (৪)।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, সবার অজান্তে দুই শিশু খালে নেমে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
অপরদিকে তাবলীগ জামাতে গিয়ে নদীতে গোসল করতে নেমে ফয়সাল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার নীলগঞ্জ বাজার নদীর ঘাটে ঘটনাটি ঘটে।
তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ডুবাইল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ জানান, কয়েকজন মুসুল্লীর সাথে নীলগঞ্জ বাজার জামে মসজিদে তাবলীগ জামাতে গিয়েছিলেন ফয়সাল। শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে বাজারের নদীর ঘাটে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যান তিনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। বিকাল পৌনে চারটার দিকে ঘটনাস্থলের কাছাকাছি যায়গা থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়।