২৬ জুলাই, ২০২৬
হলিউডের খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক চাক রাসেল আর নেই। ‘দ্য মাস্ক’ ও ‘এ নাইটমেয়ার অন এলম স্ট্রিট ৩: ড্রিম ওয়ারিয়র্স’-এর নির্মাতা এই কিংবদন্তি পরিচালক ৭৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থ অবস্থায় তাকে উদ্ধারে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ডিপার্টমেন্ট। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান।
চাক রাসেল কর্মজীবন শুরু করেছিলেন স্বাধীন ধারার চলচ্চিত্রে সহকারী পরিচালক ও প্রোডাকশন ম্যানেজার হিসেবে। পরে ‘এ নাইটমেয়ার অন এলম স্ট্রিট ৩’ পরিচালনার মাধ্যমে আলোচনায় আসেন। তবে ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য মাস্ক’ তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়। এই চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় ক্যামেরন ডিয়াজের, আর জিম ক্যারির ক্যারিয়ার পৌঁছে যায় নতুন উচ্চতায়। ভিজ্যুয়াল ইফেক্টসের জন্য ছবিটি অস্কার মনোনয়নও পেয়েছিল।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জিম ক্যারি। এক বিবৃতিতে তিনি বলেন, চাক রাসেলের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া ছিল তার জীবনের অন্যতম সৌভাগ্যের বিষয়। ‘দ্য মাস্ক’-এর শুটিং সেটে তিনি সবসময় বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবেশ তৈরি করে রাখতেন, যা পুরো ইউনিটকে অনুপ্রাণিত করত।
চাক রাসেলের পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে আর্নল্ড শোয়ার্জনেগার অভিনীত ‘ইরেজার’, ডোয়েন ‘দ্য রক’ জনসন অভিনীত ‘দ্য স্করপিয়ন কিং’, ভারতীয় অভিনেতা বিদ্যুৎ জামওয়াল অভিনীত ‘জংলি’ এবং ব্রুস উইলিস ও জন ট্রাভোল্টার ‘প্যারাডাইস সিটি’।
২০২৪ সালে তিনি ‘উইচবোর্ড’-এর রিমেক নির্মাণের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ‘নিউমর্ফিক’-এর মাধ্যমে নতুন প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছিলেন।
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে দেখা গেল ভিন্ন এক ভূমিকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে ‘জেন জি’র কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্যামেরার সামনে কান ধরে ওঠবসও করেছেন তিনি। আর এ নিয়েই শুরু হয়েছে আলোচনা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কেন এমন ভিডিও প্রকাশ করেছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী নিজেই।
ভিডিওতে সোনাক্ষী বলেন, ‘আমি জেন জিকে খুব হালকাভাবে নিয়েছিলাম। ভেবেছিলাম, এদের দিয়ে কিছুই হবে না। আর কখনো এমন বলব না। আপনাদের স্যালুট। আমি জেন জি হতে চাই। আপনারা দারুণ কাজ করেছেন।’
এ কথা বলার পরই ক্যামেরার সামনে কান ধরে ওঠবস করতে দেখা যায় তাকে। এরপর মাথায় থাকা টুপিও খুলে মাটিতে ছুড়ে ফেলেন অভিনেত্রী। ভিডিওতে তাকে জিম শর্টস, ওভারসাইজ টি-শার্ট ও টুপি পরা অবস্থায় দেখা যায়।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলনের শুরু থেকেই সমর্থন জানিয়েছিলেন সোনাক্ষী। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার আন্দোলন নিয়ে নিজের অবস্থানও প্রকাশ করেছেন তিনি। ফলে তার নতুন এই ভিডিওকে অনেকেই ছাত্র আন্দোলনের প্রতি সংহতি ও সমর্থনের প্রতীক হিসেবে দেখছেন।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। একজন মন্তব্য করেন, ‘এটা শুধু আমাদের নয়, আপনারও বিজয়। শুরু থেকেই আপনি আমাদের পাশে ছিলেন।’