২৬ জুলাই, ২০২৬
অস্ট্রেলিয়ায় বসবাসরত জগন্নাথ হলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার (জেএইচএএএ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার টুংগ্যাবি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সংগঠনের বিগত এক বছরের কার্যক্রম পর্যালোচনা, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, আর্থিক বিবরণী অনুমোদন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিদায়ী কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে গত বছরের সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি আর্থিক হিসাব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে প্রতিবেদনটি অনুমোদিত হয়।
এরপর নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কাজল রায় সভাপতি, ড. সুভাষ চন্দ্র সাহা সহ-সভাপতি, গৌতম দাস (মিঠু) সাধারণ সম্পাদক এবং মলয় সাহা কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নিকেশ নাগ, বিশ্বজিৎ চক্রবর্তী, ড. সজল রায় ও আকাশ কর।
নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. সমীর সরকার। তাঁকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার পঙ্কজ বাড়ৈ।
সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের মাধ্যমে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে প্রবাসী জগন্নাথ হলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে।
পাশাপাশি সংগঠনের সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের উন্নয়নে সব সদস্যের সক্রিয় সহযোগিতা কামনা করেন এবং একটি আরও সমৃদ্ধ, ঐক্যবদ্ধ ও কার্যকর অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।