২৭ জুলাই, ২০২৬
ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়া ট্রাকে পরিবহনের সময় ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী ট্রাকের চালক ও হেলপারকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৪ টিউবওয়েল এলাকার জসীমের ভাতের হোটেলের সামনে অভিযান চালিয়ে সারভর্তি ট্রাকটি জব্দ করা হয়। পরে সারসহ ট্রাকটি সদর উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়।
আটক ট্রাকের চালক বাবু ও হেলপার সুমনের বাড়ি কুষ্টিয়া জেলার মাল্লাতেঘরিয়া এলাকায়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক জানান, ভাউলার হাট থেকে দিনাজপুরের উদ্দেশ্যে একটি ট্রাকে ৩৮০ বস্তা ডিএপি সার পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় ট্রাকচালক সার পরিবহনের বৈধ চালান বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এ কারণে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী ট্রাকচালক বাবু ও হেলপার সুমনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হলেও ট্রাকে থাকা সব সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। ৩৮০ বস্তা সারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।
অভিযান চলাকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক, সদর থানা পুলিশের সদস্যসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, কৃষকদের জন্য বরাদ্দ করা সার অবৈধভাবে পরিবহন, মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।