খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে গোলাগুলি, উদ্ধার ৪ পিস্তল ও ১৪ রাউন্ড গুলি

২৭ জুলাই, ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় উভয় পক্ষের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবির যামিনীপাড়া জোন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে।

২৩ বিজিবির যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিজিবির টহলদল সীমান্ত এলাকায় চোরাকারবারীদের অবস্থান শনাক্ত করে ধাওয়া দেয়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ২টি বিদেশি ও ২টি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে টহলদল বিওপিতে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারীরা জব্দ করা মালামাল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও পালটা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির পর চোরাকারবারীরা পালিয়ে যায়।

বিজিবির অধিনায়ক আরও জানান, যামিনীপাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে নিবিড় পর্যবেক্ষণ এবং কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।