ভারতীয় বক্স অফিসে ৫ রেকর্ড গড়ার দৌড়ে ‘স্পাইডার-ম্যান’

২৭ জুলাই, ২০২৬

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলেছে মার্ভেল স্টুডিওস এবং সনি পিকচার্সের বহুল প্রতীক্ষিত সুপারহিরো চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ড অভিনীত ছবিটি ভারতীয় বক্স অফিসে আগের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার পথে রয়েছে। ছবির অগ্রিম টিকিট বিক্রি এবং দর্শকদের উন্মাদনা দেখে ধারণা করা হচ্ছে ভারতীয় বক্স অফিসে ৫টি রেকর্ড গড়তে পারে ছবিটি।

১. সর্বকালের সেরা ওপেনিং ডে
ভারতের বক্স অফিসে হলিউড বা যেকোনো ভিনদেশি ছবির ক্ষেত্রে প্রথম দিনের আয়ের রেকর্ডটি দীর্ঘকাল ধরে নিজের দখলে রেখেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। যা প্রায় ৬৫ কোটি টাকা গ্রস আয় করেছিল। এবার সেই রেকর্ডে ভাগ বসাতে পারে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ট্রেড অ্যানালিস্টদের তথ্য অনুযায়ী, ছবিটি প্রথম দিনে ৫০ থেকে ৬০ কোটি টাকার আয় করবে!

২. চার দিনের উইকেন্ডে রেকর্ড
মুক্তির শুরুতে যদি দর্শক মহলে ইতিবাচক সাড়া পায় তাহলে হলিউড ছবির ক্ষেত্রে সর্বকালের সেরা ওপেনিং উইকেন্ডের রেকর্ড গড়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ‘এন্ডগেম’-এর ঝুলিতে রয়েছে প্রায় ২০০ কোটি টাকার উইকেন্ড কালেকশনের রেকর্ড। আর ‘ব্র্যান্ড নিউ ডে’ ছবির ক্ষেত্রে চার দিনের দীর্ঘ উইকেন্ড পাওয়া যাওয়ায় অংকটা অনায়াসে ২২৫ কোটি বা তার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৩. প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয়
স্পাইডার-ম্যানের জনপ্রিয়তা এবং সিনেমা হলগুলোতে পর্যাপ্ত শো পাওয়ায় প্রথম সপ্তাহের আয়ে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ৩১৫ কোটি টাকার রেকর্ড পেছনে ফেলতে পারে।

৪. ভারতের সবচেয়ে আয়কারী হলিউড ছবি
জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ছবিটি ভারতে ৪৭৭.৫০ কোটি টাকা আয় করে সবার শীর্ষে আছে। দর্শকদের ভালো সাড়া পেলে সেই রেকর্ডও ভেঙে দিতে পারে এই নতুন স্পাইডার-ম্যান ছবি।

৫. প্রথম ৫০০ কোটির ক্লাব
ভারতের বক্স অফিসে এখন পর্যন্ত কোনো হলিউড ছবি ৫০০ কোটি টাকার ব্যবসা করতে পারেনি। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ যদি লম্বা সময় ধরে হলে টিকে থাকে তাহলে প্রথম কোনো আন্তর্জাতিক ছবি হিসেবে এই মাইলফলক ছুঁতে পারে।

উল্লেখ্য, আগামী ৩০ জুলাই ইংরেজি, হিন্দি, তেলুগু এবং তামিল ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবিটি। বক্স অফিসের সমস্ত হিসেবনিকেশ পাল্টে দিয়ে ছবিটি হলিউডের মুকুটে নতুন কোন কোন পালক যোগ করে, এখন সেটাই দেখার বিষয়!