২৮ জুলাই, ২০২৬
বর্শিতে ছিপ ফেলে যেভাবে মাছ ধরা হয়, ঠিক সেই অভিনব কৌশল কাজে লাগিয়ে এবার শনি গ্রহের বলয় থেকে সরাসরি ভাসমান কণা সংগ্রহ করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা! মহাকাশের এই অসম্ভবকে সম্ভব করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত এক রোবোটিক মিশনের পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা।
‘প্র্যাক্সিস’ (PRAXIS) নামের প্রস্তাবিত সিস্টেমে এমন কিছু করা হবে, যা আগে কখনও ঘটেনি। মূলত শনির বলয়ের গঠন, গতিবিধি ও বিবর্তন নিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজতেই এই যুগান্তকারী উদ্যোগ। নাসার ‘ক্যাসিনি’ মিশন এর আগে অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার করলেও সরাসরি কণা সংগ্রহ করতে পারেনি।
শনির বলয় প্রধানত পানি ও বরফ দিয়ে তৈরি। সেখানে ধূলিকণা থেকে শুরু করে বাড়ির সমান বিশাল পাথরখণ্ড প্রতিনিয়ত ঘুরছে, জুড়ছে ও ভাঙছে। প্র্যাক্সিস মূলত মিলিমিটার থেকে সেন্টিমিটার আকারের চলমান কণাগুলোর আকার, সচ্ছিদ্রতা ও রাসায়নিক গঠন বিশ্লেষণ করবে।
মহাকাশে কণাগুলোর সঙ্গে সংঘর্ষ এড়াতে এই এআই সিস্টেমে একটি দীর্ঘ ও নরম রোবোটিক হাত (বুম) ব্যবহার করা হবে। নিরাপদ দূরত্বে থেকে ‘টাচ-অ্যান্ড-গো’ পদ্ধতিতে নমুনা সংগ্রহের পর রিয়েল-টাইম বিশ্লেষণের জন্য এতে অত্যাধুনিক ক্ষুদ্র যন্ত্রাংশ থাকবে। এরপর যানটি বলয়ের অন্য অংশে গিয়ে নতুন কণা সংগ্রহ করবে।
বর্তমানে সিমুলেশন ও ডিজাইনের মাধ্যমে প্র্যাক্সিস প্রকল্পের প্রথম ধাপের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। দ্বিতীয় ধাপে তৈরি হবে ফিজিক্যাল প্রোটোটাইপ। বিজ্ঞানীরা বলছেন, এই নজিরবিহীন প্রযুক্তি আগামীতে ইউরেনাস মিশনসহ অন্যান্য গ্রহের রহস্য উন্মোচনে দারুণ কাজে আসবে।