চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানে জরিমানা

২৮ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে চার প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি বলেন, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রির দায়ে মেসার্স তিতাস সাইকেল স্টোরের মালিক মফিজ উদ্দিনকে দুই হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও অবৈধভাবে ‘ডা.’ পদবি ব্যবহারের দায়ে মেসার্স সামিরন ফার্মেসির মালিক আশরাফুল আলমকে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির দায়ে মেসার্স রবিউল বীজ ভাণ্ডারের মালিক রবিউল হককে তিন হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মেসার্স বিসমিল্লাহ হোমিও ক্লিনিকের মালিক হুমায়ুন কবিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল।