ইউএফটিবির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন ড. মোক্তার আলী

২৯ জুলাই, ২০২৬

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোক্তার আলী।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ দায়িত্ব হস্তান্তর করেন। পরে নবনিযুক্ত উপাচার্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

দায়িত্ব গ্রহণ শেষে ড. মোক্তার আলী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা ভবিষ্যৎ উচ্চশিক্ষার প্রধান চালিকাশক্তি। তিনি বিশ্ববিদ্যালয়কে আধুনিক, গবেষণামুখী ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে ইউএফটিবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।