রাবিপ্রবিতে নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

২৯ জুলাই, ২০২৬

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সাবেক উপাচার্যের আমলে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম এবং সাবেক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে স্মারকলিপিও দিয়েছেন তারা।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সামনে ‘সচেতন ছাত্র সমাজ ও সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মতিন বাদশা, ব্যবস্থাপনা বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী বাদশা সোলেমান এবং ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী জিমি রওশন।

বক্তারা অভিযোগ করেন, সাবেক উপাচার্য ড. আতিয়ার রহমানের দায়িত্বকালে শিক্ষক ও কর্মচারী নিয়োগে স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়েছে এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এছাড়া, সাবেক প্রকল্প পরিচালক আবদুর গফুরকে জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, দায়িত্ব পালনকালে তিনি ভুয়া বিল-ভাউচার তৈরি, অগ্রিম অর্থ উত্তোলনসহ বিভিন্ন আর্থিক অনিয়মে জড়িত ছিলেন।

বক্তারা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন ও সংবাদ সম্মেলন শেষে উপাচার্যের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।