২৯ জুলাই, ২০২৬
বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (২৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত পৃথক বৈঠকে তিনি প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।
সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গত ১২ জুন বাংলাদেশে আসেন। পরে ২৫ জুন বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।