২৯ জুলাই, ২০২৬
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের লক্ষ্য একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে বেশি করে গাছ লাগাতে হবে।
বুধবার হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে মুহিবুর রহমান একাডেমি প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের ভারসাম্য দিন দিন নষ্ট হচ্ছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ হ্রাস, জলাবদ্ধতা নিরসন এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন একটি গ্রিন অ্যান্ড ক্লিন সিলেট গড়তে কাজ করছে। নগরজুড়ে বৃক্ষরোপণ, সড়কের পাশে সবুজায়ন, খাল-ছড়া ও ড্রেন পরিষ্কার, উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্যোগ সফল করতে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সবাই নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করলে অল্প সময়ের মধ্যেই সিলেট আরও সবুজ ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।
হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম-এর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কার্যনির্বাহী পরিষদের সদস্য আখতার হোসেন।
সিলেট সদর উপজেলা সমবায় কার্যালয় এবং মুহিবুর রহমান একাডেমির সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।