২৯ জুলাই, ২০২৬
গোপালগঞ্জের মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আরাফাত মুন্সীর পরিবারের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সার্বিক তত্ত্বাবধানে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকালে মুকসুদপুরের বনগ্রামে আরাফাত মুন্সীর বাড়িতে গিয়ে তার দাদির হাতে উপহার সামগ্রী তুলে দেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন ও পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ আরাফাতের মতো জুলাইয়ের সব শহীদ পরিবারের পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন। যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আরাফাত গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন।’
এসময় ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের পরিবারের পাশে থাকা জাতীয়তাবাদী ছাত্রদলের নৈতিক দায়িত্ব।’ ভবিষ্যতেও শহীদ পরিবারের প্রতি সহযোগিতা ও খোঁজখবর অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।
এ সময় উপহার সামগ্রী ও খোঁজখবর নেওয়ায় শহীদ আরাফাতের দাদি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম এলাকায় শহীদ আরাফাত মুন্সীর কবর জিয়ারত শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মৃনাল মাতুব্বর, জোবায়ের আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক কাজী নুরুল ইসলাম নয়ন, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহাসীন মোল্যা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ দীপুসহ উপজেলার ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।