ডেন্টাল ডিপ্লোমাধারীদের আন্দোলন ঘিরে অপপ্রচারের অভিযোগ

৩০ জুলাই, ২০২৬

চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে কেন্দ্র করে অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।

বুধবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি দাবি করে তাদের ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিকে ঘিরে ‘ডক্টরস মুভ ফর জাস্টিস, বিডিএস উইং’ নামে একটি সংগঠন বিভ্রান্তিকর তথ্য প্রচার, ডেন্টাল ডিপ্লোমাধারীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য এবং পাল্টা কর্মসূচি ঘোষণার মাধ্যমে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে।

 

বাংলাদেশ ডেন্টাল পরিষদের দাবি, তাদের আন্দোলনের লক্ষ্য কোনো ব্যক্তি বা পেশাজীবী গোষ্ঠীর অধিকার খর্ব করা নয়। বরং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত কর্মপরিধির আলোকে সরকারি অনুমোদিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মাধ্যমে সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন, নতুন পদ সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং পেশাগত স্বীকৃতি নিশ্চিত করাই তাদের দাবির মূল বিষয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে নীতিগত ও আইনগত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তাই বিভ্রান্তিকর প্রচারণা বা উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও আইনগত প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

 

সংগঠনটি আরো জানায়, তাদের সব কর্মসূচি শান্তিপূর্ণ, আইনসম্মত ও গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হবে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত এবং সংবিধান প্রদত্ত শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সুরক্ষার আহ্বান জানানো হয়েছে।

 

একই সঙ্গে স্বাস্থ্যখাতে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে—এমন বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত থেকে সংযম, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।