৩০ জুলাই, ২০২৬
মেয়াদ শেষ হওয়ায় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) অ্যাভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। আজ বুধবার এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মেয়াদ শেষ হওয়ায় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। অ্যাভোকেট তৌফিকুল ইসলামকে আহ্বায়ক ও ফজলুল কবির দারাকে সদস্য সচিব করে ২ সদস্যবিশিষ্ট গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠনের কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়। ঘোষিত আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়েছে।
এ প্রসঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান বলেন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটির মেয়াদ শেষ। ফলে কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সম্মেলনের মধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।