শাহ আমানতে যাত্রীর ব্যাগেজে ৬ লাখ টাকার সিগারেট

৩১ জুলাই, ২০২৬

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজে প্রায় ছয় লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট পাওয়া গেছে। অবৈধভাবে আনা এসব সিগারেট বৃহস্পতিবার সকালে জব্দ করা হয়। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এই তথ্য জানিয়েছেন।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী মোহাম্মদ সোহেলের ব্যাগেজ তল্লাশি করে কাস্টমস ইন্টেলিজেন্স। এ সময় মন্ড ও ইজি লাইটস ব্র্যান্ডের ২৩৫ কার্টন সিগারেট পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা। ওই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে এবং সিগারেটের চালানটি জব্দ করা হয়েছে।