উপদেষ্টারা দেশের বারোটা বাজিয়ে গেছেন: পাটওয়ারী

৩১ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা আর কোনো উপদেষ্টা বানাব না, সবাই (উপদেষ্টা) দেশটার বারোটা বাজিয়ে গেছেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে সমাবেশে একথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদ আহমেদ।

বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে এই এনসিপি নেতা বলেন, আগামীর বাংলাদেশ তারেক রহমান আর চালাতে পারবে না। উনি ছয় মাসে বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। যেই পরীক্ষায় তিনি ফেল করেছেন, সেটিতে দ্বিতীয়বার বসানো উচিত না।

নিজের বক্তব্যের সমালোচনা নিয়ে পাটওয়ারী বলেন, ‘আমি একটু ওইভাবেই কথা বলি। একটু সহ্য করতে হবে। ক্ষমতায় যখন বসছেন, একটু গন্ডার হতে হবে। তবে এমন গন্ডার হইয়েন না, যে নাড়া দিলেও নড়ে না।’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘শেখ হাসিনা দিল্লিতে, ওইখানে বসে ধমক দেয়, বলে আমি আসব। বাংলাদেশের যেকোনো প্রান্ত দিয়ে হাসিনা দেশে আসলেও ফাঁসি নিশ্চিত করবে বাংলার জনগণ।’

কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি বন্ধের প্রতিবাদ জানিয়ে তিনি সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের দাবি জানান।