স্বাক্ষরিত জুলাই সনদ বিএনপি সরকারের আমলেই বাস্তবায়িত হবে : রাশেদ খাঁন

০১ আগস্ট, ২০২৬

স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বিএনপি সরকারের আমলেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড আমাদের জুলাই শহীদেরা। জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচার নিয়ে বিরোধী দলগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে।

শুক্রবার ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে জুলাই শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাশেদ খাঁন আরও বলেন, আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, নির্বাচনে প্রমাণ হয়ে গেছে, গণঅভ্যুত্থানের ক্রেডিট কাদের। গণঅভ্যুত্থানে বিএনপির সাংগঠনিক শক্তি মাঠে ছিল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জীবন গেছে। যে কারণে নির্বাচনে জনগণ বিএনপিকেই নির্বাচিত করেছে।