দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

০১ আগস্ট, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৮০০টি ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাগর (৫৩), মো. বিল্লাল মৃধা (৪০), মো. মিজানুর রহমান (৩০) ও মো. আব্দুর রহমান (২৯)।

শুক্রবার রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালীগঞ্জ বড় মসজিদ-সংলগ্ন সড়কে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ৮০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।